নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদ মুন্সীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ায় মরহুমের রুহের মাগফিরাত কামনা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ============
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পরিহলপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল মজিদ মুন্সীর ৪৯তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাদ জোহর মরহুমের পরিবারের উদ্যোগে এবং নিমসার উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন তাঁর কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনখানি শেষে বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম মিলাদ মাহফিল পরিচালনা করেন। পরে তিনি মরহুমের রুহের মাগফিরাত, আল্লাহ তাআলার অশেষ রহমত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য হৃদয়স্পর্শী মোনাজাত পরিচালনা করেন। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিমসার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন মাস্টার, নিমসার জুনাব আলী কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, বাড়াইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক মুন্সী, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, বাজার কমিটির ইজারাদার মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবির, নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, সাবেক শিক্ষক আবুল ফজল হারুন মাস্টার, বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন লিটন, রফিকুল ইসলাম, ডা. আব্দুল জব্বার মুন্সী, গোলাম মুনতাকিম, মো. ছফি উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মজিদ মুন্সীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেননি, বরং একটি আলোকিত সমাজ গঠনের ভিত্তি রচনা করেছিলেন। শিক্ষা বিস্তার, মানবসেবা ও সমাজকল্যাণে তাঁর অবদান আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এলাকার মানুষ। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বক্তারা আরও বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও তার সৎকর্ম কখনো বিলীন হয় না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত যে কাজ মরহুম আব্দুল মজিদ মুন্সী করে গেছেন, তা তাঁর জন্য সদকায়ে জারিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা উপস্থিত সবার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক এবং ধর্মীয় শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন জহুরী।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে উপস্থিত মুসল্লিদের চোখে অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়। সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—আল্লাহ তাআলা যেন মরহুম আব্দুল মজিদ মুন্সীর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ও উত্তম প্রতিদান দান করেন। আমিন। সংবাদ প্রকাশঃ ২২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=