চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট, বৃদ্ধ বাবাকে খুঁটির সাথে বেঁধে দিনভর নির্যাতন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: ==============কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীকে মারধর, ৬ লাখ টাকার ওয়াইফাই সরঞ্জাম লুটপাট, দফায় দফায় বাড়িঘরে হামলা-ভাংচুর, পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা সহ বৃদ্ধ বাবাকে টেনে-হিচড়ে ঘর থেকে নিয়ে গিয়ে বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিম পাড়ায়। সন্তানকে না পেয়ে পিতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমগ্র চৌদ্দগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা আইয়্যামে জাহিলিয়ার বর্বরতাকেও হার মানায়। এদিকে ঘটনার দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বারবার সহায়তা চেয়েও ভুক্তভোগীর পরিবার পুলিশি কোনো সহযোগিতা না পেয়ে হতাশা ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। পরে ভুক্তভোগী দ্বীন মোহাম্মদ এর স্ত্রী রফিজা বেগম বাধ্য হয়ে কুমিল্লার আদালতে গত সোমবার একটি মামলা (৯৮৩/২৬) দায়ের করেন।

আদালতে দায়েরকৃত মামলা ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আলী মিয়ার ছেলে স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী ও মামলার প্রধান অভিযুক্ত মো. আমির হোসেন (৪৫) এর সাথে মামলার বাদীনি রফিজা বেগমের ছেলে একই এলাকার অপর ওয়াইফাই ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহপরানের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি নিয়ে থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সামাজিকভাবে মীমাংশার উদ্দেশ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় ব্যবসায়ী বিধিমোতাবেক ব্যবসা পরিচালনা ও ভবিষ্যতে কেউ কাউকে ব্যবসায়ীক হয়রানি না করার অঙ্গীকার করেন। এর কিছুদিন পর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত আমির হোসেন তার ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী শাহপরানকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালী মহলকে ইন্ধন জুগিয়ে গত ০৭ নভেম্বর দুপুরে নিজ বাড়ির সামনে তাকে একা পেয়ে কতিপয় বখাটে যুবকের সহযোগিতায় আটক করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী তার এক নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও তাকে মারধর করে। সে কোনোমতে হামলাকারীদের কবল থেকে মুক্ত হয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর শুরু হয় তাদের নারকীয় বর্বরতা। ছেলেকে না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে শাহপরানের বৃদ্ধ মা-বাবা, পরিবারের নারী সদস্যদের উপর হামলে পড়ে। এ সময় তারা শাহপরানের বাড়িঘর ভাংচুর করা সহ পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীর চেষ্টা করে। হামলাকারীদের ছেনির কোপে বাদীনি রফিজা বেগমের বাম উরুতে কাটা-ছেড়া রক্তাক্ত জখম হলেও এ সময় হামলাকারীদের ভয়ে আশেপাশের কেউ তাদের প্রাণ বাঁচাতে আসেনি। এছাড়াও হামলাকারীরা ব্যবসায়ী শাহপরানের ঘরে থাকা ৬ লাখ টাকা মূল্যের ওয়াফাই সরঞ্জাম সহ দামী মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলা ও লুটপাটের কাজে বাধা দিলে তারা ব্যবসায়ী শাহপরানের বৃদ্ধ পিতা দ্বীন মোহাম্মদকে টেনে-হিচড়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং বাড়ির পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় লাঠি, রড দ্বারা পিটাইয়া এবং কিল-ঘুসি, লাথি-উষ্ঠা মারিয়া চরম নির্যাতন করে। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা, কাটা-ছেড়া সহ রক্তাক্ত জখম হয়। হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে ভিকটিমের বড় ভাই নুর ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসলে হামলাকারীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পুলিশকে ভুল বুঝিয়ে সামাজিকভাবে ঘটনার মীমাংশার আশ্বাস দিয়ে ফেরৎ পাঠিয়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর হামলাকারীরা দ্বীন মোহাম্মদ এর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা বাদীনিকে জিম্মি করে তার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে নিয়ে যায় এবং ঘটনার দিন রাত অনুমান ১১টায় তার স্বামী দ্বীন মোহাম্মদকে ছেড়ে দেয়। পরে নিকটতম আত্মীয়দের সহযোগিতায় বাদীনি এবং তার স্বামী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানে তারা চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনায় সামাজিকভাবে একাধিকবার আপোষ মীমাংশার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ন্যায় বিচারের আশায় আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করতে বাধ্য হন।

মামলার বাদীনি রফিজা বেগম বলেন, আমির হোসেনের নেতৃত্বে তার অপরাপর সহযোগিরা আমার বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়েছে। তারা আমার বাম উরুতে ছেনি দিয়ে কোপ মারে। আমার স্বামীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ সময় তারা আমার মেয়ে ও পুত্রবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করে। আমি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত আমির হোসেন এর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে (০১৮১২-৮৪২৯২৮) একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, শুনেছি ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনা পেলে ভুক্তভোগির পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন