টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, গ্রেপ্তার ৭, কারাদণ্ড ৬ জনের অপহরণ, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র মামলার আসামিরা গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১১০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় দুই আসামি মোহাম্মদ হাফেজ আহাম্মদ (৪৫) ও হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা টেকনাফ থানার ১৭ নভেম্বর ২০২৬ তারিখের ৬৬ নম্বর মামলার আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৬)-এর ৭/৩০ ধারায় করা হয়েছে।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে টেকনাফ থানার ২০২২ সালের ১৫ আগস্টের ৪৮ নম্বর মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রশিদুল্লাহ (২৪) রয়েছেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে, টেকনাফ থানার ২০২৩ সালের ৪ মে তারিখের ১৫ নম্বর মাদক মামলার আসামি মেহের কাহতুন মিন্নিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানার ২০১৭ সালের ৩৬(০৮) নম্বর মামলার জিআর ৩০৩/১৭-এর আসামি রফিকা বেগম ও মোহাম্মদ শাকেরকে গ্রেপ্তার করে অভিযানিক দল।
অভিযানে একাধিক অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার সন্দিগ্ধ আসামি মো. ইসলাম (৩১)-কেও গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১২টির বেশি অস্ত্র, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।
এদিকে, অভিযানের সময় বিভিন্ন ক্যাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক সেবন এবং সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গা অবৈধভাবে দখলসহ বিভিন্ন অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্যাম্প-২৬-এর আবু কালাম (৩৬) ও মোহাম্মদ খান (২৬), ক্যাম্প-২৪-এর মোহাম্মদ আলম (২৭), মোহাম্মদ আয়াস (২৭) ও আক্তার ফারুক (১৮) এবং নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের মোহাম্মদ মর্তুজা (৩২) রয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে মাদক সেবনের দায়ে ছয় মাস করে, একজনকে সরকারি আদেশ অমান্যের দায়ে তিন মাস এবং অপরজনকে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএন সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার সাতজন ও মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=