বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২

সাতকানিয়ায় খাদে বাস, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০-৩৫; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান =============
আনন্দ-উচ্ছ্বাসে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তে পরিণত হলো বিষাদ আর আহাজারিতে। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক সহকারী অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক সোহানা আফরোজ (৪৫) এবং মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলার স্বামী ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার মো. ইসরাফিল আলম (৫৫)।
মাদরাসা সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস বুড়িচং সদর থেকে কক্সবাজারের পথে যাত্রা শুরু করে। রাতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে শনিবার ভোরে বাস দুটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছায়। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলা, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া ও তাঁর স্ত্রী-সন্তান, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ে সামিয়া আক্তার নিহা, শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক রাসেল, অফিস সহকারী আলাউদ্দিন, তাঁর স্ত্রী সুইটি আক্তার ও মেয়ে, দপ্তরি শাহজালাল, আয়া সেলিনা আক্তার, শিক্ষক রুনা লায়লা ও তাঁর স্বামীসহ ৩০ থেকে ৩৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী।
এদিকে দুর্ঘটনার খবর বুড়িচংয়ে পৌঁছানোর পর বাকশীমূল এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে শোক, উৎকণ্ঠা আর আহাজারি। যে শিক্ষা সফরকে ঘিরে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও নানা প্রত্যাশা, সেই সফরই কেড়ে নিল দুটি প্রাণ; আহত করল আরও বহু মানুষকে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। আহতদের স্বজনরা প্রিয়জনের সুস্থতা কামনায় হাসপাতালগুলোতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।
এদিকে আহতদের চিকিৎসাসেবা নিয়ে স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালে প্রত্যাশিত ও যথাযথ চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
এদিকে বাকশীমূল ইসলামীয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম জানান শনিবার ভোর ৪ টার সময় গাড়ীটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে মাদ্রাসার সহকারী অধ্যাপক ও রূপসী বাংলা পত্রিকার জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন ইস্ররাফিল সহ দুই মারা যায়। আহত হয় ৩০-৩৫ জন। শনিবার দুপুর ২ টায় তিনি নিহত দুজনের লাশ নিয়ে মাদ্রাসার বা এলাকার উদ্দেশ্যে আসছেন। অপর দিকে আহত অনেকে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ প্রকাশঃ ০৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=