চৌদ্দগ্রামে যাতায়াতের অজুহাতে জোরপূর্বক বিধবার বাড়ির সীমানা দেয়াল ভাঙচুরের অভিযোগ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান ==============
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের পূর্বপাড়া ভুঁইয়া বাড়িতে যাতায়াতের সমস্যা দেখিয়ে এক বিধবার বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) জোরপূর্বক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিধবা সুফিয়া বেগম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে সীমানা দেয়াল, গোয়ালঘরের অংশবিশেষ ভাঙচুর এবং বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলার সত্যতা পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাঙ্গিশ্বর গ্রামের বাসিন্দা মরহুম আবদুল ওহাব জীবিত থাকাকালে নিজ মালিকানাধীন পুকুরের পূর্ব পাশের সীমানায় একটি পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। দেয়ালের ভেতরে একটি গোয়ালঘর নির্মাণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করেন। প্রতিবেশী নেয়ামত উল্লাহ, আবুল বশর, আবদুল মান্নান, রাফি, মেহেদী হাসান বাবু ও সিফাতসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জায়গার ওপর দিয়ে চলাচলের রাস্তা করার চেষ্টা করে আসছিলেন। বিষয়টি নিয়ে আবদুল ওহাব জীবিত থাকাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ২০২১ সালে একই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা আবদুল ওহাব ও তার স্ত্রী সুফিয়া বেগমের ওপর হামলা চালায়। পরে আবদুল ওহাব আদালতে মামলা করলে আদালত তার পক্ষে রায় দেন। মামলার পর অভিযুক্ত নেয়ামত উল্লাহ ও মেহেদী হাসান বাবু ভবিষ্যতে ওই জায়গা নিয়ে কোনো বিরোধ সৃষ্টি বা শান্তি ভঙ্গ করবেন না মর্মে আদালতে মুচলেকা দিয়ে জামিন লাভ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ জুলাই সকালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ধারালো দা, ছেনি, গ্রাইন্ডিং মেশিন, হ্যামার ও হাতুড়ি নিয়ে এসে সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং সীমানার চিহ্ন নষ্ট করে। তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দুপুরের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে। ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে গোয়ালঘরের টিনের বেড়া ভাঙচুর এবং বিভিন্ন গাছপালা কেটে ক্ষতিসাধন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় আতঙ্কিত হয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ আসছে জানতে পেরে অভিযুক্তরা সুফিয়া বেগমকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান বাবু বলেন, “এটি একটি পুরোনো চলাচলের রাস্তা। আমরা এ পথ দিয়েই চলাচল করতাম। রাস্তার অংশসহ জমি ক্রয় করেছি। তাদের সঙ্গে বিরোধের জেরে দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার আমরা সেই রাস্তা পুনরুদ্ধার করেছি।”
ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, তার দুই ছেলে সৌদি আরবে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে জমির বিক্রেতা ইমামুল হক বলেন, “আমরা ৪৪ শতক জমি নেয়ামত উল্লাহদের কাছে বিক্রি করেছি। তবে সেটি ছিল দেয়াল ও কথিত রাস্তার বাইরের অংশ। এখন তারা সীমানা দেয়ালের ভেতরের জায়গাও নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। বাস্তবে সেখানে কোনো সরকারি বা চলাচলের রাস্তা নেই।”
চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, “বিষয়টি শুনেছি। তবে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে আমার কাছে অভিযোগ দেয়নি। বিরোধপূর্ণ স্থানে সরকারি কোনো রাস্তা নেই।”
চৌদ্দগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, “সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সংবাদ প্রকাশঃ ১০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=