সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি ৩০ লাখ টাকা স্বর্ণালঙ্কার লুট

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ========================
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনেই জাপান প্রবাসী এক দম্পতির বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বুধবার (৮ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, ফেনী জেলার বাসিন্দা জাপান প্রবাসী আরমান (৪০) স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। পথে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
এরপর ডাকাতরা গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ভয়ে সামনে এগোননি। কিছুক্ষণ পর ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, পাশের একটি নিচু সড়কে ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে জানা গেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন