জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কুমিল্লা বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির ৫ম বর্ষপূর্তি উৎসব

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। সংবাদদাতা জানান ==============
জমকালো আয়োজন, বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির ৫ম বর্ষপূর্তি উৎসব।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মিলনায়তন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানের শুরুতেই একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও বর্ণাঢ্য প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জ্ঞান, মানবিকতা, সম্প্রীতি ও সংস্কৃতির আলোকবর্তিকা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষপূর্তি উদযাপনের মূল পর্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মিঠুন চক্রবর্তী। তাঁর নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় শিল্প, সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বর্ণিল মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সুদূর কলকাতা, ভারত থেকে আগত টলিউড চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা দেবজিৎ ঘোষ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রার উচ্ছ্বাস। দর্শক-শ্রোতারা করতালি ও ভালোবাসায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বক্তব্যে তিনি বলেন, দুই বাংলার মানুষের হৃদয়ের সবচেয়ে শক্তিশালী বন্ধন ভাষা ও সংস্কৃতি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নতুন প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা গুপ্তজগন্নাথ মন্দিরের পুরোহিত স্বপন গোস্বামী’র জীবনসঙ্গিনী ও বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা মিঠুন চক্রবর্তী’র গর্ভধারিনী মাতা মলিনা রানী চক্রবর্তী। তিনি বলেন, একটি জাতির নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক চেতনা বিকাশে শিল্প-সংস্কৃতির চর্চা অত্যন্ত প্রয়োজন। শিশু-কিশোরদের সাংস্কৃতিক শিক্ষায় সম্পৃক্ত করতে বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমি সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নূরুল হক, বরিশাল-পিরোজপুরের সংগীতশিল্পী তীর্থ ভদ্র, বিটিভির কণ্ঠশিল্পী সুষ্মিতা সরকার, কবি বিলাস চৌধুরী, বিষ্ণুপদ দে রায় ও জাগো হিন্দু কুমিল্লার সভাপতি কিশোর দাস এবং কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সংগীতশিল্পী তপতী দেবনাথ। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, শিল্প-সংস্কৃতির মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমি গত পাঁচ বছরে যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের কর্ণধার তিথি চক্রবর্তী ও শিল্পী সম্পা রানী দাস। তাঁরা বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষকে অসাম্প্রদায়িক, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। শিশুদের সৃজনশীল বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এমন সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে মিঠুন চক্রবর্তী বলেন,
“পাঁচ বছরের এই পথচলা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা, সংগ্রাম ও সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা এগিয়ে এসেছি। আমাদের লক্ষ্য শুধু শিল্পী তৈরি করা নয়, বরং একজন আদর্শ, মানবিক ও সংস্কৃতিমনা মানুষ গড়ে তোলা। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমি আরও বৃহত্তর পরিসরে কাজ করবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।”
তিনি একাডেমির সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শুভ দেবনাথ এবং একাডেমির শিক্ষার্থী রীতা সাহা। তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
আয়োজনে ছিল একাডেমির শিক্ষার্থীদের একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় এবং বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা। প্রতিটি পরিবেশনার পর দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। একাডেমির ক্ষুদে শিল্পীদের পরিবেশনা বিশেষভাবে উপস্থিত দর্শকদের হৃদয় স্পর্শ করে।
সবশেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং শিল্প-সংস্কৃতির বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে পর্দা নামে কুমিল্লা বিদ্যাশিনী সাংস্কৃতিক একাডেমির ৫ম বর্ষপূর্তি উৎসবের। আনন্দ, আবেগ, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই বর্ণাঢ্য আয়োজন উপস্থিত সকলের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি আরও অনুপ্রাণিত করবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=