কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা রিপোর্টার :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ১) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মোঃ জাকির মিয়া (২৬), ২) মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ কাওছার আহমদ (৩৪) এবং
৩) মৌলভীবাজার সদর থানার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। ভিকটিম এতে অস্বীকৃতি জানালে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন।
এ সময় গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা ব্যক্তিদের একজন নেমে তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। তবে ভিকটিম সাহসিকতার সঙ্গে ধস্তাধস্তি করে তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু রায়, এসআই আমির উদ্দিন, এসআই রনি তালুকদার এবং এএসআই হামিদুর রহমানসহ একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে।
তদন্তের একপর্যায়ে গত ১০ মার্চ ২০২৬ তারিখ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রমজান মাসে ভোরে ফাঁকা রাস্তায় একা পেয়ে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণের উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটানোর চেষ্টা করে। তারা বিভিন্ন সস্তা হোটেলে অবস্থান করত এবং এই গাড়িটি ব্যবহার করে সিলেট অঞ্চলে ঘুরে বিভিন্ন অপরাধ সংঘটিত করত বলে পুলিশের ধারণা।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম (সিডিএমএস) যাচাই করে জানা গেছে, গ্রেফতারকৃত জাকির, কাওছার ও জসিমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের সহযোগী জাহাঙ্গীর (পলাতক)-এর বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতার এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=