ওয়ার্ড সচিব লাঞ্ছিতের প্রতিবাদে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি

সিটিভি নিউজ@নিজস্ব প্রতিবেদকঃ 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড সচিবকে ভিপি আব্দুল্লাহ কর্তৃক লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে সকল ওয়ার্ডে সব ধরনের সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী ওয়ার্ড সচিব আবুল বাসার জানান, অভিযুক্ত আব্দুল্লাহ ওরফে ভিপি আব্দুল্লাহর পিতা নজির আহমেদ আমার কার্যালয়ে একটি ওয়ারিশ সনদের জন্য আসলে আমি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাই, তখন তিনি হুমকি দিয়ে বলেন, এতো কাগজপত্র দিতে পারমু না, আমরা মুখে যেটা বলি ঐটাই আইন! বলে ধমকাধমকি করতে করতে তিনি অফিস ত্যাগ করেন। পরে আমি যোহর নামায আদায় করে অফিসে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল্লাহ ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা আমাকে পার্শ্ববর্তী উপজেলা ভূমি অফিসের প্রঙ্গনে টেনেহিঁচড়ে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও প্রচন্ডভাবে পিটাতে থাকে। এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয় লোকজন আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমি এই হামলার বিচার চাই।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী  আবু সায়েম ভূইয়া। তিনি বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা দাপ্তরিক দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের লাঞ্ছনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন