সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা আসামি ১৪ জনসহ অজ্ঞাত ২০০-২৫০

সিটিভি নিউজ, এম আর কামাল নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =======================
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া, হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সুলতানা ওমর স্বাধীন (৫৫) নামে এক নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ছয় মাস ধরে বাদীর বসতবাড়ির সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন মামলার এক নম্বর আসামি মো. শাহিন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।
এজাহারে অভিযোগ করা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় চার কক্ষবিশিষ্ট টিনশেড ঘর, দুটি টয়লেট ও রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির মূল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া বাদীর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। বাদীর ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ঘর ও লাইট বেকারি ভেঙে দেওয়ার পাশাপাশি বেকারির যন্ত্রপাতি, মালামাল ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
এজাহারে আরও বলা হয়, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে বাদীসহ পরিবারের সদস্য, ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীদের মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন বাদী।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন মো. শাহিন (৪০), মো. সজীব(৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল(৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী(৩৫), মোহাম্মদ আলী(৩০), মো. সবুজ(২৮), মো. রিদয়(২৫), মো. শরীফ(২৭), মো. প্রিতম(২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=