নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ============
নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী।
মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=