সড়ক নিউজ ১০ বছরেও সংস্কারের ছোঁয়া লাগেনি দুই সড়কে, খানাখন্দে নাকাল ১৫ হাজার মানুষ

বুড়িচংয়ে কোরপাই-মনঘাটা-আবিদপুর সড়কের বেহাল দশা, কৃষিপণ্য পরিবহনেও বাড়তি ভোগান্তি
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন, সংবাদতদাতা জানান ==============
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের গুরুত্বপূর্ণ কোরপাই পোস্ট অফিস-মনঘাটা-আবিদপুর সড়ক এবং নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে আবিদপুর পর্যন্ত সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়ক দুটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১৫ হাজার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের চলাচলে নেমে এসেছে ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ কোরপাই-মনঘাটা-আবিদপুর সড়কের কোরপাই পোস্ট অফিস, কাকিয়ারচর ও মনঘাটা অংশের প্রায় তিন কিলোমিটার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে আবিদপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের অবস্থাও একই রকম। সড়ক দুটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ছোট ছোট পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়। তখন যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ে।
সড়ক দুটির ওপর নির্ভরশীল কোরপাই, কাকিয়ারচর, মনঘাটা, লোয়ারচর, আবিদপুর, মিথলমা ও ভারেল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। পাশাপাশি দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া, প্রেমু ও ছোটনা গ্রামের লোকজনও এসব সড়ক ব্যবহার করেন। প্রতিদিন হাজারো মানুষ এসব পথ দিয়ে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এলাকায় রয়েছে জুনাব আলী কলেজ, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস-আদালত, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কের বেহাল অবস্থায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্বজনদের।
অন্যদিকে কৃষিপ্রধান এসব এলাকার শত শত কৃষক তাঁদের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানযোগে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাঁচাবাজার নিমসারে নিয়ে যান। কিন্তু সড়কের বেহাল দশার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটিই বাড়ছে। যানবাহন চালকদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে কৃষকদের। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে অনেক সময় বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে বাজারে পণ্য নিতে হয়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
মিথলমা গ্রামের কৃষক জসিম, আনিস ও রশিদ জানান, সড়কটির দুরবস্থার কারণে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে নানা সমস্যায় পড়তে হয়। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাঁদের লাভের পরিমাণও কমে যাচ্ছে। বর্ষাকালে পানি জমে থাকলে পণ্য পরিবহনে আরও বেশি দুর্ভোগ পোহাতে হয়।
সড়কটিতে নিয়মিত যাত্রী পরিবহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক কাকিয়ারচর গ্রামের আব্দুল জলিল ও মিথলমা গ্রামের নাসিরসহ একাধিক চালক জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হচ্ছে। খানাখন্দে পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যাত্রী ও মালামাল নিয়ে চলাচলের সময় অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে চালকদের পাশাপাশি যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত যানবাহনের যন্ত্রাংশ মেরামত করতে গিয়ে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। তাঁরা দ্রুত সড়ক দুটি সংস্কারের দাবি জানান।
এদিকে কাকিয়ারচর গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, গ্রামের একটি অংশে সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রেখে একাধিক বাড়িঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহনের যাত্রীদের পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ উয়ালি উল্লাহ জানান, কোরপাই-মনঘাটা এবং নিমসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আবিদপুর পর্যন্ত সড়ক দুটির বেহাল অবস্থার বিষয়টি তাঁদের জানা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক দুটির সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। কাজ দ্রুত সম্পন্ন করা গেলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারহীনতায় গুরুত্বপূর্ণ এ সড়ক দুটির বেহাল দশা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কারকাজ শুরু ও যথাযথ মান বজায় রেখে তা সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=