অবৈধভাবে পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অভিযোগে আটক ২ পলাতক ৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
শনিবার (২১ নভেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলীঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কয়েকজন ব্যক্তি নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলীঘাট মাঠ এলাকায় অবস্থান করছেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখার দিকে যেতে দেখে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরের দিকে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন। তবে অপর তিনজন পালিয়ে যান।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।
এজাহার সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=