বদলগাছীতে ভিডাব্লিউবির ১হাজার ৯শ কেজি চাল জব্দ,১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি :============
নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির ১ হাজার ৯শ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত করার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। বদলগাছী থানার এসআই মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চাল পাওয়ার পর অনেক উপকারভোগী পরিষদের বাইরে থাকা কিছু অসাধু ব্যবসায়ীর কাছে কম দামে তা বিক্রি করে দেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শ কেজি চাল উদ্ধার করে জব্দ করে।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহীনূর ইসলাম স্বপন জানান, ঘটনার সময় তিনি দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি বলেন, উপকারভোগীরা পরিষদ থেকে চাল উত্তোলনের পর বাইরে বিক্রি করেছেন। ইউনিয়ন পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, অবৈধভাবে চাল কেনাবেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত ১ হাজার ৯শ কেজি চাল বর্তমানে প্রশাসনের নিরাপদ হেফাজতে রয়েছে।
ইউএনও ইসরাত জাহান ছনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=