ছয় মাসে নওগাঁয় দুই কোটি টাকার মাদক উদ্ধার গ্রেফতার ৭৩৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ==============
নওগাঁ জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে মাদকবিরোধী অভিযানে প্রায় দুই কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে জেলা পুলিশ এবং এ সময় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ৭৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জেলার ১১টি থানার পুলিশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ছয় মাসে উদ্ধার করা হয়েছে ৪৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেনসিডিল, ৪ হাজার ২৩৯টি ইয়াবা, ২২৩ কেজি ১৯ গ্রাম গাঁজা, ১৯ কেজি গাঁজা গাছ, ১ হাজার ১৬টি অ্যাম্পুল ইনজেকশন, ৮ হাজার ৭৮ লিটার চোলাই মদ, ৩ হাজার ২৯৬ লিটার মদ তৈরির উপকরণ, ৪ লিটার বিদেশি মদ এবং ১৯ হাজার ৬৪৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা।
এ সময় ৩৯৪টি মাদক মামলায় এজাহারভুক্ত ৬০৮ আসামির মধ্যে ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ২০৭ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব বলেন, বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে বিভিন্ন মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।” সংবাদ প্রকাশঃ ১৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=