কুমিল্লায় ৩ দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার সফল সমাপ্তি: কারিগরি নির্ভর শিক্ষানীতি ও শিল্প-সংযোগের তাগিদ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ================
কুমিল্লা টাউনহল মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা জেলার সকল সরকারি-বেসরকারি কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী ‘কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা’। গতানুগতিক সনদমুখী শিক্ষার পরিবর্তে প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জন, টেকসই উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ (শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান সংযোগ) গড়ে তোলার বার্তা নিয়ে অনুষ্ঠিত এ মেলায় দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। তিন দিনজুড়ে বেশ কয়েকটি সেমিনার, প্যানেল আলোচনা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীসহ আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলাটি সফলভাবে সম্পন্ন হয়। মেলায় হাজারো শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ দর্শনার্থীদের প্রদচারনায় মুখরিত হয়ে ওঠে। অতিথিদের প্রানবন্ত উপস্থিতি ও অশগ্রহণ আয়োজকদের উচ্ছ্বসীত ও অনুপ্রাণিত করেছে। আগামিতে এমন আয়োজন নিয়মিত করারও অঙ্গীকার করেছে আয়োজক সংগঠনটি।

মেলার উদ্বোধনী দিনে গত শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ সূচনা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের প্রজন্মকে ‘আগুনের গোলা’ উল্লেখ করে তিনি বলেন, তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে বাংলাদেশ সব ক্ষেত্রে সফলতা অর্জন করবে। আগামী নভেম্বরে ‘দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে এক নম্বরে রয়েছে কারিগরি শিক্ষা পদ্ধতি। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর উদ্যোগকেও তিনি অত্যন্ত সম্ভাবনাময় বলে অভিহিত করেন এবং মেলার স্টল ও শিক্ষার্থীদের নানা উদ্ভাবন ঘুরে দেখে ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী দিনেই ‘বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রথম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং মূল প্রবন্ধ (কী নোট পেপার) উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক পরিচালক উপ সচিব কাজী ফারুক আহম্মেদ। এ সময় মঞ্চে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মোঃ আমিরুজ্জামান আমির, কুমিল্লা টাউনহলের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আক্তার হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একই দিন সন্ধ্যায় ‘টেকসই আবাসন, নগর উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার জন্য কারিগরি শিক্ষা ও উদ্ভাবন’ শীর্ষক দ্বিতীয় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ উদবাতুল বারী আবু এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও রসায়ন বিভাগের প্রধান মোখলেছুর রহমান কাননের স্বাগত বক্তব্যে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাছলিমা আক্তার।

মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেন, কৃষি কাজে কোনো লজ্জা নেই, সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ক্যানসারের ঝুঁকি এড়াতে ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ করে নিরাপদ খাদ্য (সেফ ফুড) উৎপাদনের ওপর জোর দেন তিনি। তাছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন দেখেও খুশী হন, বিশেষ করে ঘুম প্রতিরোধক চশমা চোখে দিয়ে তরুণ বিজ্ঞানীকে ধন্যবাদ জানান। কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী স্বাগত বক্তব্য রাখেন। মঞ্চে ও অতিথিদের সারিতে সিসিএন শিক্ষা পরিবারের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, টাউনহল সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের ও ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের বিকেলে ‘কর্মসংস্থানের জন্য যুবদের ক্ষমতায়ন: বাংলাদেশের উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব মো: তাজুল ইসলাম। কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর মডারেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন বেপজার লেবার রিলেশনস স্পেশালিস্ট এন্ড সোস্যাল কাউন্সিলর ড. সোহেল মিয়া, বাংলাদেশ সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. মো. মোবারক হোসেন এবং কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জি. কামরুজ্জামান, জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান মুকুল।

মেলার সমাপনী দিনে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা সফলভাবে মডারেট করেন সিসিএন শিক্ষা পরিবারের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। আলোচনায় পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস সপ্তাহে তিন দিন ক্লাস ও তিন দিন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ সৃষ্টির কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম টেকনিক্যাল ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষানীতির আহ্বান জানান। এছাড়া সাবেক সচিব ও ডেসকো চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁইয়া স্কিল মিসমেচ দূর করার তাগিদ দেন এবং ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো: শাখাওয়াত আলী পুরোনো কারিকুলাম বদলে প্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।

মেলার শেষভাগে সিসিএন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীর সঞ্চালনায় ‘দক্ষতা ও কর্মসংস্থানের জন্য গণমাধ্যম: বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে কারিগরি শিক্ষার প্রসার’ শীর্ষক অপর এক প্যানেল আলোচনায় অংশ নেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান। তারা কারিগরি শিক্ষার প্রসারে গণমাধ্যমের জোরালো ভূমিকার তাগিদ দেন। পরিশেষে, বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহম্মেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ এবং গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোঃ শিপন মিয়া, সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. মো. মোবারক হোসেন ও কুমিল্লা পলিটেকনিকের ভাইস প্রিন্সিপাল ইঞ্জি. মোঃ সাখাওয়াত হাসানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন