বিএনপি নেতার মানহানি মামলায় সাংবাদিককে জেল হাজতে প্রেরণ, কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার:=============
বিএনপি নেতার দায়ের করা মানহানি মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম আরিফকে গ্রেফতার করে সন্ত্রাস দমন মামলাসহ চারটি মামলায় আসামি করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১২ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার কুমিল্লার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী ও যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরী। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মাহবুবুল আলম আরিফ বিগত অনেক বছর ধরে পেশাদারীত্বের সাথে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের সময় আওয়ামী লীগের এমপির সাথে তার সম্পর্ক ছিল। সে যেহেতু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিল, তার সাথে এমপিসহ অনেকের সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের সকল জেলায় একই পরিবেশ বিরাজ করেছে। এই কারণে তাকে গ্রেফতার করতে হবে এটা খুবই নিন্দনীয় বিষয়। কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে, তাতে ভুল তথ্য থাকলে মানহানি মামলা হতেই পারে। কিন্তু ওই মামলায় গ্রেফতার করে পরে আবার সন্ত্রাস দমন মামলায় তাকে আসামি করার বিষয়টি নোংরামি ছাড়া আর কিছু নয়। ৭/৮ মাস পূর্বে মুরাদনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ জন সাংবাদিকয় আহত হয়েছেন। পরে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় বাদী সাংবাদিক শাহ ইমরানকে তার মিডিয়া থেকে চাকরিচ্যুত করা হয়েছে। কোন সাংবাদিক যদি কোন অপরাধ করে থাকে, তাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নেয়া হোক। তাতে কোন সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন সাংবাদিককে হয়রানি করার বিষয়টি মুক্ত সাংবাদিকতার বিপক্ষে যায়।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বাসস এর কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, সময় টিভির জেলা ডিজিটাল প্রতিনিধি জহিরুল হক বাবু, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাসেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, সাংবাদিক মোতালেব, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিকসহ আরো অনেকে। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=