আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ==========
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে আদ্-দ্বীন হাসপাতাল দেশের নিম্নআয়ের, শ্রমজীবী, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসার স্থান অর্জন করেছে। সমাজের গরিব ও দুঃখী মানুষের কাছে আদ্-দ্বীন কেবল একটি হাসপাতাল নয়, বরং চিকিৎসা পাওয়ার শেষ আশ্রয়স্থল।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে সমগ্র প্রতিষ্ঠানকে অচল করে দেওয়া বা এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত লাখো সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তারা বলেন,আদ্-দ্বীন হাসপাতালের মতো জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে দেশের গরিব, শ্রমজীবী ও নিম্নবিত্ত জনগোষ্ঠী। যারা সীমিত সামর্থ্যের কারণে বেসরকারি ব্যয়বহুল হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে সক্ষম নন, তাদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। তাই এ খাতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা, ন্যায়সংগত প্রক্রিয়া এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সেবার মানোন্নয়ন ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিবৃতিতে অ্যাডভোকেট আতিকুর রহমান ও লসকর মো. তসলিম আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি গ্রহণযোগ্য ও ইতিবাচক সমাধানের পথ অনুসন্ধানের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=