কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে।
দিনের শুরুতেই সকাল সাড়ে ৯ টায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী’র নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে অনুষ্ঠিত বর্ষবরণ মেলাতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম-সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর ১০ টায় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা পরিবেশন করে লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নাটিকা। এছাড়াও, নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে বসানো হয় পিঠাপুলির স্টল। যেখানে বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা যেমন পাটিসাপটা, চিতই, দুধচিটা ও মালপোয়া পরিবেশন করা হচ্ছে।
মাননীয় ভাইস চ্যান্সেলর ড. মো. হায়দার আলী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ উৎসব উপভোগ করে। স্বল্প সময়ে এমন সফল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। এখানে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি অর্গানিক খাবারের স্টল একটি ইতিবাচক উদ্যোগ এবং এই উৎসবকে আরও বর্ণিল করে তুলেছে। । নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।”
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “এত সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীরা যেন অন্তত একটি দিন সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আজকের এ উৎসবের আনন্দ সবার মুখে হাসি হয়ে থাকুক।” সংবাদ প্রকাশঃ ১৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন