নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতির মানববন্ধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, রিপোর্টার: নেত্রকোনার দুর্গাপুরে আইপিটিভি ‘রূপসী বাংলা’ এর প্রতিনিধি সাংবাদিক মো. লুৎফুজ্জামান ফকির আলিলকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ও দ্রুত খুনিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ পূবালী ব্যাংক সংলগ্ন উপজেলা সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা দেশের জন্য আয়না স্বরূপ এবং একটি আদর্শ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। তারা সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সহ অপরাধমূলক কর্মকান্ডের তথ্যগুলো জনস্বার্থে মানুষের সামনে তুলে ধরেন। একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা সাংবাদিক সমাজ তথা দেশের জন্য বেশ উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মানববন্ধন থেকে আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আদালতের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও সাংবাদিক নির্যাতন প্রতিরোধে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং বিভিন্ন প্রকার হয়রানি বন্ধে কার্যকর আইন সহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে উদাত্ত আহবান জানান বক্তারা।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও দৈনিক রূপসী বাংলার উপজেলা প্রতিনিধি মো. এমরান হোসেন বাপ্পি’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর ও এনটিভি’র মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন নয়ন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় এবং ভোরের সূর্যোদয় এর উপজেলা প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. মিজানুর রহমান মিনু, সাংবাদিক ইয়াছিন ভূঁইয়া, আতাউর রহমান রিপন, মো. মাইন উদ্দীন মাসুদ, মো. মাছুম, আশিকুর রহমান মজুমদার, এম এ নোমান, সাইদুল হক, আবদুর রহিম মজুমদার সোহেল, সাকিবুল হাসান মিয়াজী, মো. নাজিম উদ্দিন প্রমুখ। এ সময় চৌদ্দগ্রামে বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নেত্রকোনার দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শালিস ও মাদক বিরোধী নানা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী সহ তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনার পরপরই সারাদেশে সংবাদটি ভাইরাল হয় এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠন। সংবাদ প্রকাশঃ ১৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=