কুমিল্লায় লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

সিটিভি নিউজ24।। লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

কুমিল্লা, ১৬ অক্টোবর ২০২৬: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল সম্রাট লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শনকে ধারণ করে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণোৎসব-২০২৬।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা টাউন হলে সচেতন সাংস্কৃতিক ফোরাম, কুমিল্লার আয়োজনে এ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লালনের দর্শন, মানবপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারাজা মাছুম মালী আশরাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক নিখিল চন্দ্র রায় এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, নারী নেত্রী, লেখিকা ও গবেষক ড. জে. এন. লিলি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন সাঁইয়ের দর্শন মানুষে মানুষে বিভেদ দূর করে মানবিক সমাজ গঠনের শিক্ষা দেয়। তাঁর গান ও জীবনদর্শন আজও সাম্য, সম্প্রীতি, মানবপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। নতুন প্রজন্মের কাছে লালনের দর্শন ও লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে।

স্মরণোৎসবে আলোচনা পর্বের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী, পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা, সহজ মানুষ বাউল একাডেমি, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সুপ্রভাত ধর্মসাগর মঞ্চ, ভৈরবী সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও একক শিল্পীরা। সহজ মানুষ বাউল একাডেমির পক্ষে ওস্তাদ রাসেল দেওয়ান ও তাঁর দল বাউলসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিও তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্যে, ‘দাবি নয়, অধিকার—কুমিল্লা নামেই বিভাগ চাই’ স্লোগানের মাধ্যমে কুমিল্লার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তুলে ধরা হয়।

সচেতন সাংস্কৃতিক ফোরাম, কুমিল্লার আহ্বায়ক শেখ আলমন্নানের সভাপতিত্বে আয়োজিত এ স্মরণোৎসবে সাংস্কৃতিক কর্মী, শিল্পী, শিক্ষক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।।।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন