নারায়ণগঞ্জে পার্কিং করে রাখা বাসে আগুন : ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =================
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেস্বর) রাতে এ মামলা দায়ের করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত ইন্সপেক্টর মজিবুর রহমান।
এর আগে ২১ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের গোদনাইল এসও ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সিদ্ধিরগঞ্জ–চাষাঢ়া সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাসটির মালিক ও মামলার বাদী মো. আল-আমিন এজাহারে উল্লেখ করেন, তিনি ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমানের সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের একটি বাস পরিচালনা করেন। ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৭১ নম্বরের বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।
এজাহার অনুযায়ী, প্রতিদিনের মতো ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চালক ও হেলপার বাসটি গোদনাইল এসও ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে পার্কিং করে চলে যান। পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বাসটিতে আগুন দেওয়ার খবর পান আল-আমিন। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি।
বাদীর অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি হিসেবে এজাহারে উল্লেখ করা লিটনের নেতৃত্বে অন্য আসামিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাদী।
মামলায় লিটন ছাড়াও আসাদুল্লাহ, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা মো. শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, নাতিয়া মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আব্দুল, মাসুম বিল্লাহ পৃথিবী, আবুল কালাম আবু, আরিফ হোসেন ও স্বপনসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ থেকে ১০ জনকে।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=