বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের অভিযোগ, আটক ৮

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। —============
কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাসার-কালখের পাড় এলাকায় কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে বলে জানিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, রোববার সকাল ৮টার দিকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমির তত্ত্বাবধানে ষোলনল ইউনিয়নের ভরাসার ও কালখের পাড় এলাকায় একটি ব্যানার নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানব না’—এমন স্লোগান দেন বলে স্থানীয় সূত্র জানায়। পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান শুরু করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, পুলিশের অভিযানে বুড়িচং সদর এলাকা থেকে যুবলীগ নেতা সফিকুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো. কামাল হোসেন মাস্টার এবং বাকশীমূল ইউনিয়ন যুবলীগ নেতা শাহাদাত হোসেনসহ কয়েকজনকে আটক করা হয়।
তবে মিছিলের স্থান নিয়ে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।
বুড়িচং থানার এসআই মো. রাকিবুল হাসান বলেন, বুড়িচং উপজেলার অভ্যন্তরীণ সড়কে কোনো মিছিল হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় মিছিল হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় রোববার আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের কোনো মিছিল বা সভা হয়নি। তবে শনিবার রাতে আওয়ামী লীগের লোকজন মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, ভরাসার ও কালখের পাড় এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। তবে কর্মসূচির স্থান ও অংশগ্রহণকারীদের পরিচয় নিয়ে পুলিশের পক্ষ থেকে আরও যাচাই-বাছাই চলছে। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=