মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

সিটিভি নিউজ24 ।। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।

নিহতের স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁদের গুরুতর আহত করা হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম, নিহতের আরেক স্বজন মো.শফিকুল ইসলাম জায়গা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে আসে। সেখানে দুটি মরদেহ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন