১৬ বছরেও শেষ হয়নি ‘হাদিয়া টাওয়ার নির্মাণ কাজ ’ চুক্তি বাতিল করে ভূমি মালিকদের পক্ষে আদালতের ঐতিহাসিক রায়

সিটিভি নিউজ।। ​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:সংবাদদাতা জানান ============
কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ঝাউতলায় ১৩ তলা বিশিষ্ট ‘হাদিয়া টাওয়ার’ নির্মাণ কাজ দীর্ঘ ১৬ বছরেও শেষ না করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ডেভেলপার কোম্পানির চুক্তিপত্র ও পাওয়ার অব অ্যাটর্নি (আমোক্তা দলিল) বাতিল ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের এই রায়ে স্বস্তি ফিরেছে ভূমির মূল মালিক মরহুম শাহ আব্দুল ওয়াদুদ সাহেবের ওয়ারিশদের মাঝে।
​ঘটনার পটভূমি ও চুক্তি:
প্রাপ্ত তথ্যে জানা যায়, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় ১৩ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন ও মার্কেট নির্মাণের লক্ষ্যে গত ১৪ জুলাই ২০১০ তারিখে ঢাকা কুড়িল বারিধারার প্রগতি স্বরণি এ/৩৩- এর ডেভেলপার প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকোর প্রপার্টিজ লিমিটেড’-এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেন ভূমি মালিক মরহুম শাহ আব্দুল ওয়াদুদ সাহেবের ওয়ারিশগণ। পরবর্তীতে ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রি আমোক্তা দলিল (দলিল নং- ৯৮৮৮) সম্পাদিত হয়।
​চুক্তির মূল শর্তানুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর থেকে ৩ বছর ৬ মাসের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করে মালিকপক্ষকে হস্তান্তর করার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগ বা যুক্তিসঙ্গত কোনো কারণে বিলম্ব হলে সর্বোচ্চ অতিরিক্ত ৬ মাস সময় পাওয়ার বিধান রাখা হয়।
​প্রতারণা ও চুক্তি খেলাপের অভিযোগ:
অভিযোগ উঠেছে, রেজিস্ট্রি আমোক্তা দলিল সম্পাদনের পর থেকেই কাজ শুরু না করে ও ধীরগতি বজায় রেখে ডেভেলপার কোম্পানি ইন্টারকোর প্রপার্টিজ লিমিটেড নানান অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। নির্ধারিত মেয়াদ পার হয়ে যাওয়ার পরও কাজ শেষ না করায় ভূমি মালিকপক্ষ তাদের পাওনা ও ন্যায্য অধিকারের দাবিতে কোম্পানির নিকট বারবার ধর্না দেয়। পরবর্তীতে ভূমি মালিকদের পক্ষ থেকে পরপর দু’বার লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ডেভেলপার কোম্পানি তাতে কোনো সাড়া দেয়নি বা কর্ণপাত করেনি।
​দীর্ঘ আইনি লড়াই ও আদালতের রায়:
ডেভেলপার কোম্পানির প্রতারণামূলক মনোভাব ও চুক্তি খেলাপের প্রতিকার পেতে ভুক্তভোগী পরিবারটি আইনের আশ্রয় নেয়। গত ৭ জানুয়ারি ২০২২ তারিখে কুমিল্লা সদর সিনিয়র সহকারী জজ আদালতে চুক্তিপত্র বাতিলের দাবিতে মামলা দায়ের করেন তারা (মামলা নম্বর: ০৬/২০২২, সদর কোর্ট, কুমিল্লা)। পরবর্তীতে ২০২৪ সালে মামলাটি স্থানান্তরিত হয়ে চান্দিনা কোর্টে যায় (মামলা নং- ৯৩/২৪)।
​দীর্ঘ আইনি প্রক্রিয়া ও উভয় পক্ষের শুনানি শেষে গত ২ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত ভূমি মালিকদের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। রায়ে ইন্টারকোর প্রপার্টিজ লিমিটেডের সাথে সম্পাদিত চুক্তিপত্র এবং রেজিস্টার্ড আমোক্তা দলিল উভয়ই বাতিল ঘোষণা করা হয়।
​ভুক্তভোগীদের প্রতিক্রিয়া:
এ বিষয়ে ভূমি মালিকদের নিকট আত্মীয় কাজী সাজ্জাদ হায়দার সাংবাদিকদের জানান, “ডেভেলপার কোম্পানির চরম অবহেলা ও প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে বিগত ১৬টি বছর ধরে আমাদের পরিবারটি নিঃস্ব অবস্থায় দিন কাটিয়েছে। ভূমির মালিকরা তাদের নিজ ভূমির অধিকার থেকে বঞ্চিত ছিলেন। বিজ্ঞ আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আইনিভাবে মুক্ত হয়েছি।” সংবাদ প্রকাশঃ ১৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন