কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০: আমরা কতটা প্রস্তুত?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ইন্ডাস্ট্রি ৫.০-এর যুগোযোগী চাহিদার প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণা-উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)কর্তৃক আয়োজিত ‘ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০: আমরা কতটা প্রস্তুত?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাশরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ইন্ডাস্ট্রি ৫.০-এর চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি, পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আন্তঃবিষয়ক শিক্ষার সংযোজন এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সময়ের দাবি। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে একটি উৎকর্ষের কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০-এর বাস্তবতায় উচ্চশিক্ষায় মৌলিক সংস্কার, শিল্পমুখী ও আন্তঃবিষয়ক পাঠ্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ওপর অধিক গুরুত্ব দিতে হবে। তিনি মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম চালু হওয়া গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আবেগীয় বুদ্ধিমত্তা, বিশ্লেষণী চিন্তাশক্তি, ডিজিটাল দক্ষতা, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে ইন্ডাস্ট্রি ৫.০-এর যুগে অপরিহার্য দক্ষতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইনোভেশন হাব, গ্রিন ক্যাম্পাস, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) এবং তথ্যভিত্তিক মাননিশ্চয়তা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।কিনোট স্পিকার অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস বলেন, ইন্ডাস্ট্রি ৫.০-এর চাহিদা পূরণে উচ্চশিক্ষায় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ জন্য আন্তঃবিষয়ক শিক্ষা, উদ্ভাবন এবং একাডেমিয়া-শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা জরুরি। তিনি প্রযুক্তি, ব্যবসা, সমাজবিজ্ঞান, নৈতিকতা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করে পাঠ্যক্রম পুনর্গঠনের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্বে সফলভাবে নেতৃত্ব দিতে পারে। পাশাপাশি বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা, সক্রিয় শিক্ষণ, দলগত কাজ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং নতুন ধারণা সৃষ্টির সক্ষমতাকে ভবিষ্যৎ বিশ্বের অপরিহার্য দক্ষতা হিসেবে উল্লেখ করেন।
সভাপতির অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, বহুমাত্রিক পাঠ্যক্রম, মাননিশ্চয়তা, গবেষণা, পেশাদারিত্ব এবং একাডেমিয়া-শিল্পখাতের সহযোগিতা জোরদারের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্ববিদ্যালয়ের নবপ্রবর্তিত পিএইচডি কর্মসূচি, একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সেমিনারে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি ৫.০-এর প্রেক্ষাপটে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, পাঠ্যক্রম সংস্কার, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা করেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন