ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: ল্যাপটপ-ফ্যানসহ গ্রেপ্তার ২

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ ও ফ্যানসহ ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. আ. হকের ছেলে মো. ইউসুফ মিয়া (২৪) এবং একই গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. বাবন (২৪)।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই বিকেল চারটা থেকে ৫ জুলাই সকাল আটটার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা কার্যালয় থেকে একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যান ও একটি রাউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হক ভূঞা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যালয়ে চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=