রিয়া গোপের পরিবারের মধ্যে অজানা আতঙ্কে বিরাজ করছে : নাসিক প্রশাসক সাখাওয়াত

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =================
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের পরিবারের মধ্যে এখনও অজানা আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একইসঙ্গে তিনি রিয়ার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।
সোমবার (২৯ জুন) বিকালে শহীদ রিয়া গোপের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিটি প্রশাসক। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত রিয়ার পরিবারের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, বিচার হতে হবে। বিচারের প্রয়োজন আছে। যা ঘটেছে আপনি তাই বলবেন। আমরা চাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক।
ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, এ জায়গাটাই সেই নৃশংস ঘটনা ঘটা ছাদ। এখানেই রিয়া গোপ খেলাধুলা করছিল। সেই ঘাতকদের রাইফেলের গুলি এসে তার বুকে বিদ্ধ হয় এবং সে মৃত্যুবরণ করে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবে সবচেয়ে কম বয়সী শহীদ রিয়া গোপ। তার এত দ্রুত চলে যাওয়ার কথা না। কিন্তু ফ্যাসিস্টরা যা করেছে তার উৎকৃষ্ট প্রমাণ এই হত্যাকাণ্ড। এই ক্ষতি অনুদান কিংবা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারিয়ে তারা আজ দিশেহারা। রিয়ার পরিবারের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে সিটি প্রশাসক বলেন, এই পরিবারের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে। আমরা চাই তারা যেন আতঙ্কে না থাকে। তারা যেন নির্বিঘ্নে সাক্ষ্য প্রদান করতে পারে, সেটা যেন রাষ্ট্র নিশ্চিত করে এই অনুরোধ থাকবে।
তিনি বলেন, এ শহরকে নরকে কারা পরিণত করেছিল, সকলে জানে। এ শহরে যেভাবে অস্ত্র নিয়ে তারা ভয়ের অভয়ারণ্যে পরিণত করেছিল, সেই ছবিগুলো দেখলেই আপনারা বুঝবেন। সেই অস্ত্র আজও উদ্ধার হয়নি। আমরা চাই সেই অস্ত্র উদ্ধার হোক এবং তাদের বিচার নিশ্চিত হোক।
এ সময় রিয়া গোপের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলা করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শিশু রিয়া গোপ। তার মৃত্যু নারায়ণগঞ্জসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সংবাদ প্রকাশঃ ২৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=