শ্রমিক নেতা সোলায়মানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের তীব্র নিন্দা

সিটিভি নিউজ।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলার চাটমোহর উপজেলা সভাপতি ও ফৈলজানা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোলায়মান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, চাটমোহর উপজেলায় একজন দায়িত্বশীল শ্রমিক নেতার ওপর পরিকল্পিত হামলা, মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন বিকেলে মো. সোলায়মান হোসেন ও তাঁর কয়েকজন শ্রমিক নেতাকর্মী মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম ব্যবহার করে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। এতে সোলায়মান হোসেন ও তাঁর সহকর্মী মনিরুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাঁরা আরও বলেন, একই দিন সন্ধ্যায় অভিযুক্তদের কয়েকজন একই ইউনিয়নে২ নং ওয়ার্ড সভাপতি ফিরোজ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মারধর, ভাঙচুর এবং ক্যাশবাক্স থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও অত্যন্ত গুরুতর ও পরিকল্পিত এবং নিন্দনীয়। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান ও লসকর মো. তসলিম বলেন, “শ্রমিক নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে শ্রমিক অধিকার আদায়ের স্বাধীন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি,
এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা ও শ্রমিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=