কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি : =============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের পাঁচ বছর বয়সী শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের অভিযোগে পৃথক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি ঘটনার সময় বাদুরগাছা গ্রামে ভুক্তভোগী শিশুর বাড়ির পাশের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তাবাসসুম নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে ২৭ ফেব্রুয়ারি পুলিশ কুষ্টিয়া থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধের দায় স্বীকার করেন। তদন্ত শেষে ২৬ মে পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটির বিচারকাজে মাত্র পাঁচ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার প্রায় চার মাসের মধ্যে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ভুক্তভোগী পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং লাশ গুমের অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকিদুল ইসলাম বলেন, “স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
মামলাটি দ্রুত তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও রায় ঘোষণার মাধ্যমে শেষ হওয়ায় এটি জেলায় আলোচিত মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=