কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মনিরুল হক চৌধুরী এমপি

সিটিভি নিউজ।। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর বাস্তবায়ন শুরু হলো।
তিনি আরও জানান, কুমিল্লায় একটি আধুনিক শিশু হাসপাতাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কের পাশে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিকট ট্রমা ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।
এসময় তিনি কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, কুমিল্লা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, ওয়াসা প্রতিষ্ঠা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু এবং বিমানবন্দর চালুর মতো প্রকল্পগুলো বাস্তবায়নের পথে রয়েছে। প্রশাসনিক দপ্তরগুলো শহরের বাইরে স্থানান্তর করা হলে নগর বিকেন্দ্রীকরণ সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে তিনি আমৃত্যু দেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=