নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যার মামলায় আটক-৩, বিচারের দাবি

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা ===========
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম ভূঁইয়ার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার। রোববার নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ ৪০ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া।
এদিকে রবিবার বিকালে ময়না তদন্তের পর সেলিমের জানাযা উপজেলার হেসাখাল ইউপির দায়েমছাতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। পরে হেসাখাল খিলপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত সেলিম হেসাখাল খিলপাড়া গ্রামের আলী হোসেনের পুত্র। সে চার সন্তানের জনক।
অপরদিকে স্বেচ্ছাসেবকদলের আহবায়কে হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি গফুর ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, শনিবার বিকালে বিএনপির জনসভায় যাওয়ার পথে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় অতর্কিত হামলা চালিয়ে স্বেচ্ছাসেবকদলের নেতা সেলিমকে হত্যা করা হয়।
থানার ওসি একে ফজলুল হক বলেন, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। সংবাদ প্রকাশঃ ০২-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=