কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ

সিটিভি নিউজ24 ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি জানান —-
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গেল বছর পাশের হার ছিলো ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন ছেলে এবং ২৮ হাজার ৪১৫ জন মেয়ে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং মেয়েদের ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর ইংরেজি আর উচ্চতর গণিতে ফলাফল বিপর্যয় হয়েছে। নিচের ক্লাস থেকে এই বিষয়গুলোর বেসিক পরিষ্কার না হওয়ার কারণে শিক্ষার্থীরা এ বিষয়গুলোতে খারাপ ফলাফল করে। এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আরো সচেতন হতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার, মো. মাহমুদুল ইসলাম।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন