ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে একই সঙ্গে দুই শিশুর করুণ মৃত্যু, একসঙ্গে দুই শিশুর নিথর দেহ, স্বজনদের আহাজারিতে ভারী গোপালনগর

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=============
খেলাধুলা আর হাসি-আনন্দে মুখর থাকার বয়স তাদের। অথচ মুহূর্তেই থেমে গেল দুটি নিষ্পাপ প্রাণের হাসি। পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে প্রাণ হারিয়েছে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশু। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে। অপর নিহত শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা জানান, শনিবার সকাল ১১টার দিকে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পুকুরে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে আসেন। পরে দ্রুত পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করা হয়।
মুমূর্ষু অবস্থায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। মুহূর্তের মধ্যে স্বজনদের চোখের সামনে নেমে আসে শোকের অন্ধকার। যে দুই শিশুর কণ্ঠে কিছুক্ষণ আগেও ছিল প্রাণচাঞ্চল্য, তাদের নিথর দেহ নিয়ে হাসপাতাল থেকে ফিরতে হয় স্বজনদের।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য উভয় শিশুর ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
এদিকে একই সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোপালনগর উত্তরপাড়া ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। একসঙ্গে দুটি পরিবারের স্বপ্ন যেন মুহূর্তেই নিভে গেল। আদরের সন্তানকে হারিয়ে পরিবারগুলোর কান্নায় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। নিষ্পাপ দুই শিশুর এমন করুণ মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন স্থানীয়রাও। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=