টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন সশস্ত্র ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সীবিচ বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ মেইন বিচ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়ার নুরুল আবছার (২৬) এবং গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র ডাকাত দল টেকনাফ মেইন বিচ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ২টার দিকে বিজিবির একটি আভিযানিক দল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে একটি ইজিবাইকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুতগতিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শিশু পার্ক এলাকায় যেতে দেখে বিজিবি। থামার সংকেত দেওয়া হলেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা হয়। পরবর্তী প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুজনকে আটক করা সম্ভব হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ইজিবাইকের তলদেশে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বক্স থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সদৃশ খেলনা উদ্ধার করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ডাকাতি, অস্ত্র ও মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন