সরকারি ভূষণ হাইস্কুলে মাদকবিরোধী শপথ ও সমাবেশ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক ================
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, শপথ গ্রহণ ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তোমাদের হাতে থাকবে কলম, কোনো নেশার বস্তু নয়।”
প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের সচেতনতার মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর রবিউল ইসলাম। তিনি মাদকের ভয়াবহ সামাজিক ও আইনি পরিণতি তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, স্কেল ও কলম বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শতাধিক শিক্ষার্থী একসঙ্গে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে শপথ নেন যে, তারা কখনো মাদক গ্রহণ করবেন না এবং সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=