টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৪৪০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী আমির হামজা ওরফে মিলন (৩২) পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার (২০ জুন) টেকনাফ বিশেষ জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত হাজী আব্দুল করিম মার্কেটের এস এস মোবাইল মিডিয়া অ্যান্ড ডিজিটাল স্টুডিওর পেছনের অংশে অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দোকানের পেছনের অংশটি মূল মালিকের কাছ থেকে উপ-ভাড়া নিয়ে আমির হামজা প্রকাশ মিলন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিয়ার সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে দোকানের ভেতরে রাখা ২০টি কার্টনের মধ্যে প্রতি কার্টনে ৭২ ক্যান হিসেবে মোট ১ হাজার ৪৪০ ক্যান ‘হান্টার ৫%’ ব্র্যান্ডের বাংলাদেশি বিয়ার উদ্ধার করা হয়।
তবে অভিযুক্ত আমির হামজা ওরফে মিলন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=