উখিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া সীমান্তের নাফ নদীর শূন্যরেখা সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন টহলরত বিজিবি সদস্যরা।
এ সময় ৬৪ বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নিয়ে সশস্ত্র গ্রুপটির দিকে গুলি ছোড়ে। জবাবে সশস্ত্র ব্যক্তিরাও কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা নৌকাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, নগদ ২০ টাকা এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করেন।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় জেলের ছদ্মবেশে থাকা দুই রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়া যে সশস্ত্র দলটি গুলি চালিয়েছিল, বুধবারের ঘটনায় অংশ নেওয়া দলটি একই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল, জনবল মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বসবাসরত সাধারণ মানুষ ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=