চৌদ্দগ্রামে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা-ভাংচুর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট সহ ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা কুমিল্লা: == কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামীলীগ নেতা মনোহর আলীর নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা-ভাংচুর, লুটপাট সহ ঘরে থাকা নারীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ১২টায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকালে সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় সমগ্র এলাকায় সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সচেতন মহল সহ সকলের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামীলীগ নেতা মনোহর আলী ও অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগি হাফেজ মজুমদারের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিলো। তারা গত বছরের ২২ নভেম্বর হাফেজ মজুমদারের পিতা শফিকুর রহমান মজুমদারকে স্থানীয় জামে মসজিদের সামনে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আগত করে। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করা সহ চরম অপমান-অপদস্থ করে বলেও জানা গেছে। এর কয়েকদিন পরই শফিকুর রহমান চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীঘদিন যাবৎ উভয় পরিবারের মাঝে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত অনুমান ১২টায় অভিযুক্ত মনোহর আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছেলে শাহজাহান ও জালাল হোসেন, একই বাড়ীর মো. বশির, আবুল কাশেম এবং মো. শাহজাহান সহ আরও কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগি হাফেজ মজুমদারের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা লুটপাট সহ অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় হামলাকারীরা বাড়ীতে থাকা পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীর চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে শোর-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা ভুক্তভোগির পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পরবর্তীতে তাদের দেখে নেওয়ার হুমকি-ধমকি দিতে থাকে হামলাকারীরা। পরে ভুক্তভোগিরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ ব্যাপারে অভিযুক্ত মনোহর আলীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=