টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি====================== কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে ৫ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি হিসেবে বাহারছড়া উপকূলে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষকে অবস্থান করানো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী এবং স্টেশন টেকনাফ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং পাচারচক্রের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনযাপন ও উচ্চ আয়ের চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি বলেছে, মানব পাচার রোধে উপকূলীয় এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ২০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=