কুমিল্লা-৫ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতা বুড়িচংয়ে হামলায় বিএনপির দুই নেতা আহত, গ্রেপ্তারের দাবি

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ======
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বুড়িচং উপজেলার দুই বিএনপি নেতা পৃথক হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজাপুরে অতর্কিত হামলার অভিযোগ
বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজাপুর ইউনিয়নের পাচওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্র ত্যাগ করার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, একই দলের ভিন্ন গ্রুপের কৃষক দলের দক্ষিণ জেলা সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লালের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত মনিরকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনি রোববার আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। মনির আরও অভিযোগ করেন, অভিযুক্ত বিল্লাল হোসেন বেলায়েতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গভীর রাতে আরেক নেতার ওপর হামলা
অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ডা. টিপু সুলতান জানান, একই দিন রাত আনুমানিক ১টার দিকে নির্বাচনের ফলাফল সংগ্রহ শেষে নিমসার বাজার থেকে একা বাড়ি ফেরার পথে ৪–৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
তীব্র নিন্দা ও গ্রেপ্তারের দাবি
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সংবাদ প্রকাশঃ ১৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=