ছাগল বিক্রির টাকা আনতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধ অটোচালকের হাসপাতালে গিয়েও হুমকি মারধর

সিটিভি নিউজ।। মোঃ হাবিবুর রহমান সংবাদদাতা জানান ===== সরল বিশ্বাসে ১৫ হাজার টাকায় বাকিতে ছাগল বিক্রি করে পাওনা টাকা চাইতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন রফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ অটোরিকশা চালক। গ্যাস পাইপের আঘাতে তাঁর ডান হাতের কব্জির হাড় ভেঙে দেওয়ার পাশাপাশি জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাটিও আটকে রাখার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে।
গত শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানে গিয়েও অভিযুক্তরা তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গাইটুলী গ্রামের বাসিন্দা বৃদ্ধ রফিকুল ইসলাম অটোরিকশা চালিয়ে অসহায়ভাবে জীবিকা নির্বাহ করেন। সংসারের প্রয়োজনে তিনি তাঁর পালিত একটি ছাগল বিক্রির উদ্যোগ নিলে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার পরমতলা গ্রামের সহিদের ছেলে সফিক মিয়া (৪২) বাড়িতে গিয়ে ছাগলটির দাম ১৫ হাজার টাকা নির্ধারণ করেন। পরদিন ২৭ নভেম্বর শুক্রবার সকালে জবাই করার উদ্দেশ্যে ছাগলটি নিয়ে যান সফিক এবং দুপুরে ১৫ হাজার টাকা পরিশোধ করবেন বলে জানান। সরল বিশ্বাসে রাজি হয়ে ছাগলটি দিয়ে দেন রফিকুল।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে সফিক মিয়া মোবাইল ফোনে কল করে রফিকুলকে তাঁর বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে বলেন। রফিকুল নিজের অটোরিকশা চালিয়ে সফিকের বাড়িতে গিয়ে পাওনা ১৫ হাজার টাকা চাইলে সফিক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর শুরু করেন। একপর্যায়ে রফিকুল টাকা না দিলে ছাগলের মাংস ফেরত দেওয়ার কথা বললে সফিক, আড়ালিয়া গ্রামের সাত্তারের ছেলে দুলাল (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেন।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে সফিক পাশে থাকা একটি গ্যাস পাইপ দিয়ে রফিকুলের মাথায় আঘাত করতে যান। প্রাণ বাঁচাতে ডান হাত দিয়ে আঘাতটি ঠেকাতে গেলে পাইপের আঘাতে তাঁর ডান হাতের কব্জির হাড় ভেঙে যায়। পরে হত্যার উদ্দেশ্যে তাঁর গলা চেপে ধরা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাঁর চিৎকারে পথচারী এক অটোচালক এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চৌমুহনী বাজারে নিয়ে যান। খবর পেয়ে তাঁর স্ত্রী শিল্পী বেগম তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে হাসপাতালে ভর্তির খবর পেয়ে ওই দিন রাত ১০টার দিকে অভিযুক্তরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও তাঁকে মারধর করেন এবং তিনতলা থেকে নিচে নামিয়ে আনার হুমকি দেন। এ সময় তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও মারধর করে জীবননাশের হুমকি দেওয়া হয়।
বর্তমানে বৃদ্ধ রফিকুল ইসলামের অটোরিকশাটি সফিকের বাড়িতে আটকে রাখা হয়েছে এবং থানায় বা কারও কাছে বিচার দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিরাপত্তাহীনতায় ভোগা বৃদ্ধ রফিকুল ইসলাম ও তাঁর পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন