চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ, আ.লীগের সঙ্গে পুলিশ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ৩৯৬ জনের নামে মামলা, গ্রেফতার ৯

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===============
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের বিক্ষোভকারীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা দায়ের করেছে। এ মামলায় রবিবার বিকেল পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: হাসান (৩২), রেজাউল করিম রাজু (৩৫), ইব্রাহীম খলিল সজীব (২৭), জাকির হোসেন (৪৮), ইমাম হোসেন সাকিব (২৫), ইসমাইল হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (৫০), মো: এয়াকুব (২৭), বেলাল হোসেন (২২)।
সন্ধ্যায় চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীরা শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চৌদ্দগ্রাম পৌর এলাকার কালীর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহাসড়কের একাধিক স্থানে এ অবরোধ করে।উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বিএনপি, জামায়াত ও পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল-মামুন মিশুর মোটর সাইকেল ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আরেফিন আহসান আরজুর মোটর সাইকেলে আগুন দেয়।
একই সময়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দফায় দফায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে মহাসড়কের দুটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
অবরোধ চলাকালে ঢাকা অভিমুখী লেনে একাধিক মালবাহী গাড়ি ও কাভার্ডভ্যানের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং কয়েকটি গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করলে তারা পিছু হঠতে বাধ্য হয়। এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে রাত ১২ টার দিকে মহাসড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও যানবাহন গুলো ধীর গতি ছিলো।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ তাঁদের ধাওয়া করেন। আমাদের দলের নেতাকর্মীরা রাতেই সড়কে অবস্থান নিয়ে সর্তক অবস্থায় রয়েছে।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ, হামলা ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে গিয়ে তাঁদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পিছু হটেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা দায়ের করেছে। এ মামলায় রবিবার বিকেল পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, শনিবার রাতের ঘটনার প্রতিবাদে রাতে বিএনপি বিক্ষোভ মিছিল করে এবং রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে দলটির স্থানীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=