ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

সিটিভি নিউজ।। মোঃ এমদাদুল হক সোহাগ
জনসংযোগ কর্মকর্তা , প্রেসবিজ্ঞপ্তি।। কুমিল্লা: আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন (EURAS) এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CCN-UST) মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০ নভেম্বর রাজধানী ঢাকার বনানীর হোটেল শেরাটনে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সহযোগিতা চুক্তিতে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোস্তফা আইদিন এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া, সিসিএন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সহযোগিতা চুক্তির আওতায় শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজন, শিক্ষা ও গবেষণা উপকরণ বিনিময় এবং উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে উভয় পক্ষ। পাশাপাশি যৌথ ও দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, পাঠ্যক্রম উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন (EURAS) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠন। ইউরোপ, এশিয়া ও ইউরেশীয় অঞ্চলের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে সংগঠনটি কাজ করে আসছে।
এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২০-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=