ব্রাহ্মণপাড়ায় পুলিশ বিজিবির যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা === কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশ ও বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় মদ ও বিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিশেষ অভিযানের প্রথম পর্যায়ে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) এলাকা থেকে ১২টি কাঁচের বোতল ও ৩টি টিনের ক্যানভর্তি ভারতীয় বিয়ার এবং ১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. টিটু মিয়া (৩০) ও মো. শরিফ মিয়া ওরফে শরীফ (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনেরই বাড়ি দক্ষিণ তেতাভূমি এলাকায়। পুলিশ জানায়, গ্রেপ্তার টিটু মিয়ার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও চোরাচালানের চারটি এবং শরিফ মিয়ার বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে।
এদিকে একই দিনে পরিচালিত অপর একটি অভিযানে শশীদল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন গঙ্গানগর গ্রামের মো. জীবন (২৬), রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের খোকন মিয়া (৪৬) এবং নারায়ণপুর গ্রামের মো. আপন (২৬)। এর মধ্যে মো. জীবনের বিরুদ্ধে পূর্বের মাদক ও চোরাচালানের ছয়টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে থানা-পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=