শ্রমিকদের শান্ত থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ঠকাতে পারবে না : অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===============
নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। চলমান মজুরি বোর্ডের আলোচনা ও দর-কষাকষির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের ধৈর্য ধারণ, শান্ত থাকা এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ কাজ করছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে। মঞ্চের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অতীতে শ্রমিকদের সঙ্গে যে অন্যায় ও বঞ্চনা হয়েছে, এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য মজুরি নির্ধারণের আলোচনা চলছে। এ অবস্থায় শ্রমিকদের ধৈর্য ধরতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের আলোচনা এখন গুরুত্বপূর্ণ দর-কষাকষির পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ কিংবা কারখানার উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ব্যবহৃত না হয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, কথায় কথায় সড়ক অবরোধ, কারখানা থেকে বেরিয়ে আসা কিংবা কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। উৎপাদন বন্ধ থাকলে মজুরি পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। তাই শ্রমিকদের স্বার্থেই উৎপাদন কার্যক্রম সচল রাখা জরুরি। একই সঙ্গে মালিকপক্ষকেও সংযম ও দায়িত্বশীল আচরণ করতে হবে। শ্রমিকদের কোনোভাবেই হয়রানি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

আতিকুর রহমান শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ন্যায্য মজুরি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ মাঠে থাকবে। সরকার ও মালিকপক্ষ প্রতিশ্রুতি রক্ষা না করলে সব শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের একটি ধাপ শেষ হয়েছে, এখন দাবি আদায়ের দর-কষাকষির পর্যায় চলছে। এ সময়ে শ্রমিকদের ঐক্য, ধৈর্য ও সংগঠনগুলোর প্রতি আস্থা রাখা জরুরি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের দ্রুত মুক্তি এবং জামিনের ব্যবস্থা করতে হবে। যারা প্রকৃত অপরাধে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ শ্রমিককে যেন হয়রানি করা না হয়।

সভায় মঞ্চের সদস্য সচিব সাইদা সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও কামরুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মঞ্চের সদস্য আব্দুল্লাহ বাসির, সমন্বয়ক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোমিনসহ অন্য নেতারা।

সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং চলমান পরিস্থিতিতে শ্রমিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে আলোচনা হয়। সংবাদ প্রকাশঃ ১৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন