ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ===============
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নওগাঁ শাখার ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

শনিবার (১৪ নভেম্বর) নওগাঁ জেলা পুলিশের বিশেষ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত শহিদুল ইসলাম ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তার চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়, যা কার্ডের অনুমোদিত সীমার বেশি।

এভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান এবং ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে মূল অভিযুক্ত শহিদুল ইসলাম (রিপন) এবং তদন্তে পাওয়া তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগ থেকে বিভিন্ন কায়দায় আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া তারা বিলাসী জীবনযাপন করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন