কালীগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ‘গ্যাস ঘর’কে ১০ হাজার টাকা জরিমানা

৩৪০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ, আটক সিলিন্ডারবোঝাই ট্রাক; ন্যায্যমূল্যে বিক্রি করা হলো ১৫০টি সিলিন্ডার
সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: ====================
সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে ‘গ্যাস ঘর’ নামের একটি বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করেন স্থানীয়রা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ট্রাকে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ন্যায্যমূল্যে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। অথচ বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে ৩৪০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জরিমানাকৃত ‘গ্যাস ঘর’ বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠানটির মালিক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=