সিটিভি নিউজ।। হাবিবুর রহমান মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ===============
নথিপত্রে কাজ ‘শতভাগ সম্পন্ন’, অথচ বাস্তবে কোনো অস্তিত্বই নেই। সরকারি বরাদ্দের প্রায় ২৯ লাখ ১৭ হাজার টাকা ‘ভূতুড়ে’ প্রকল্প দেখিয়ে গায়েব করার অভিযোগে তোলপাড় কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির চেয়েও এখন বড় অপরাধ ও রহস্যের জন্ম দিয়েছে তদন্তকারী কর্মকর্তার ভূমিকা।
জেলা প্রশাসকের (ডিসি) সুস্পষ্ট নির্দেশের পর ৪ মাসেও সরজমিনে তদন্ত না করে পুরো বিষয়টি হিমাগারে পাঠিয়ে দিয়েছেন অভিযুক্ত তদন্ত কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। ফলে প্রশ্ন উঠেছে তিনি কি নিরপেক্ষ তদন্ত করছেন, নাকি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকারকে আড়াল করতে ‘প্রহসনের নাট্যাভিনয়’ চালাচ্ছেন?
গত ১৫ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারক নম্বর ৬৬৫-এর মাধ্যমে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরজমিনে তদন্তের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে দায়িত্ব পান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। তবে ৪ মাস হলেও সরজমিনে এক পা-ও হাঁটেননি এই কর্মকর্তা। অভিযোগকারী ইউপি সদস্য রমিজ উদ্দিন ও স্থানীয়দের সরাসরি অভিযোগ, তদন্ত কর্মকর্তা সফিকুল ইসলাম অদৃশ্য কোনো স্বার্থ বা পর্দার আড়ালের যোগসাজশে তদন্ত থমকে রেখেছেন। ডিসির স্মারকপত্র ফাইলবন্দি করে তিনি কেবল সময়ক্ষেপণ করে চলেছেন, যাতে অভিযুক্ত পক্ষ সুযোগ পায় এবং তথ্য-প্রমাণ ধামাচাপা দেওয়া সহজ হয়। সরকারি আদেশ অমান্য ও এই চরম গাফিলতিকে তদন্ত নয়, বরং নিরপেক্ষতার মুখে চড় মারার সামিল বলে মনে করছেন সচেতন মহল।
নথিসূত্রে পাওয়া তথ্যে বনে গেছেন এলাকাবাসী। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ১২টি কাল্পনিক প্রকল্পের নামে ২৭ লাখ ৭৮ হাজার টাকা এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে দুটি ভুয়া প্রকল্পে ২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা একাই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এমনকি প্রকল্প বাতিলের ভাওতাবাজি এনে টাকা তোলার চাঞ্চল্যকর চিত্র তুলে ধরেন সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আয়েশা বেগম। কাজিয়াতল এলাকার এক রাস্তায় গাইড ওয়াল নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তাকে ‘প্রকল্প বাতিল’ বোঝানো হলেও পরে দেখা যায় নথিতে সব কাজ ‘সম্পন্ন’ দেখিয়ে টাকা তোলা শেষ! সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির (টি-আর, কাবিখা, কাবিটা) একই জায়গায় বারবার প্রকল্পের নাম বদলে অর্থ হরিলুটের যে মহোৎসব চলছে, তা তদন্ত কর্মকর্তার কাছে চোখের সামনে হলেও তিনি অজানা কারণে অন্ধের ভূমিকা পালন করছেন।
তদন্তের নামে এই ‘তামাশা’ ও নিজের চরম গাফিলতির বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা সফিকুল ইসলাম কেবল একটি গতানুগতিক ফাঁকা বুলি শোনান। তিনি জানান, অতি দ্রুতই নাকি সরজমিনে তদন্ত শেষ করা হবে। তবে ৪ মাস ধরে কেন তদন্ত আটকে রাখা হলো, সেই প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত জবাব তিনি দিতে পারেননি।
অন্যদিকে, অভিযুক্ত চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার দাবি করেন, সব কাজ পূর্বের অর্থবছরেই শেষ হয়েছে। এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান বলেন, বিষয়টি দ্রুত তদন্ত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের করের টাকায় চালিত সরকারের প্রশাসনিক পদে থেকে দুর্নীতির মতো গুরুতর অভিযোগে এমন নির্লিপ্ততা ও সময়ক্ষেপণ তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা পুরোপুরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দারোরা ইউনিয়নের ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, শুধু অভিযুক্ত চেয়ারম্যান নয় যে তদন্ত কর্মকর্তা ডিসির আদেশ উপেক্ষা করে ৪ মাস ধরে দুর্নীতির ফাইল আটকে রেখে ‘তামাশা’ করছেন, তার বিরুদ্ধেও উর্ধ্বতন কর্তৃপক্ষের বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com