সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: জানান ================
চিকিৎসা নিতে এসে রোগীদের নিরাপদ থাকার কথা। অথচ ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালেই হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের মালিক, ব্যবস্থাপক ও এক যুবক আহত হয়েছেন। তাঁদের তিনজনের মাথায় মোট নয়টি সেলাই দিতে হয়েছে। হামলার সময় চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন ক্লিনিকের মালিক মো. আলমগীর হোসেন।
আহত ব্যক্তিরা হলেন ক্লিনিকের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন (৪০), কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ব্যবস্থাপক মাহাবুর রহমান (৩৩)। তাঁদের মধ্যে আলমগীরের মাথায় দুটি, তৌফিকের চারটি এবং মাহাবুরের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল মালিকের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ক্লিনিকের মালিক আলমগীর হোসেন। অভিযোগ, এর কিছুক্ষণ পর নাজিম উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে প্রবেশ করে হামলা চালান।
এজাহারে নাজিম উদ্দিন, নাজির উদ্দিন, হুসাইন, হুসাইন ও বিল্লাল নামে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন বাদী।
আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তৌফিককে ধারালো অস্ত্র দিয়ে এবং ব্যবস্থাপক মাহাবুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। অন্যরাও লোহার রড দিয়ে তাঁদের মারধর করেন। এ সময় ক্লিনিকের নার্স, আয়া ও কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে নারী, শিশু, বৃদ্ধ ও চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটে। পরে ক্লিনিকের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এ সময় ক্যাশ থেকে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এজাহারে চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগে নাম থাকা বিল্লাল হোসেন হামলায় অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কোনো ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে যাই। শুনেছি, তারা প্রথমে ইট দিয়ে আঘাত করে। এ সময় আত্মরক্ষার্থে হয়তো তাদের সামান্য আঘাত লাগতে পারে। আমাদেরও কয়েকজন আহত হয়েছেন।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আহত তিনজন থানায় এসেছিলেন। তাঁরা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের হামলার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ক্লিনিকের চিকিৎসক, কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com